আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ

সরকারের আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। তিনি আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন বলে জানা গেছে।
সফরকালে সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও আজীবন শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের বর্তমান অগ্রগতি, বিভিন্ন ইতিবাচক উদ্যোগ এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো খতিয়ে দেখবেন ফরিদা শহীদ। বিশেষ করে বৈষম্যহীনভাবে মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থায়নের বিষয়গুলোই তার এই সফরে বিশেষ গুরুত্ব পাবে।
বাংলাদেশে অবস্থানকালে তিনি সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষা খাতে কর্মরত অন্যান্য কর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।
সফর শেষে বাংলাদেশের শিক্ষার অধিকার-সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করবেন ফরিদা শহীদ। আগামী ২০২৭ সালের জুন মাসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশ সফর-সংক্রান্ত এই প্রতিবেদনটি উপস্থাপনের কথা রয়েছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



