📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
জেলার খবর • ইটনা

ইটনায় ঐতিহ্যবাহী গ্রামীণ রশি টানাটানি খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ৩ অক্টোবর, ২০২৬
শেয়ার:
ইটনায় ঐতিহ্যবাহী গ্রামীণ রশি টানাটানি খেলা অনুষ্ঠিত
📷 ছবি- কিশোরগঞ্জ জার্নাল
কিশোরগঞ্জের শতভাগ হাওর অধ্যুষিত উপজেলা ইটনায় ঐতিহ্যবাহী গ্রামীণ রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা। প্রতিযোগিতা উপভোগ করতে খোলা মাঠে জড়ো হন বিপুলসংখ্যক দর্শনার্থী। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে এ রশি টানাটানি খেলার আয়োজন করে আনন্দ বাজার যুব সমাজ। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার মোট ১৬টি দল অংশ নেয়। প্রতিটি দলের খেলোয়াড়দের মধ্যে ছিল বিজয় অর্জনের তীব্র আকাঙ্খা। একে অপরকে হারাতে সর্বশক্তি দিয়ে রশিতে টান দিতে দেখা যায় প্রতিযোগীদের। আর খেলাকে ঘিরে দর্শকদের উচ্ছাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। খেলা দেখতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে। প্রতিযোগীদের টানাটানির সঙ্গে সঙ্গে দর্শকদের করতালি ও উৎসাহ-উদ্দীপনায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দুই দলকে পুরস্কৃত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় বাসিন্দা বরকত মিয়া বলেন, আধুনিক বিনোদনের ভিড়ে রশি টানাটানির মতো গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো মানুষের মধ্যে আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি বাড়ায়। এমন আয়োজন নিয়মিত হলে গ্রামীণ সংস্কৃতি ও খেলাধুলার ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে। আয়োজকরা বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা তাদের।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →