পদত্যাগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই শূন্য হলো মিষ্টির আসন: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার পদত্যাগ কার্যকর হয়ে গেছে। একই সঙ্গে পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদের টানেলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি তার কার্যালয়ে এসে লিখিতভাবে একটি চিঠি জমা দিয়ে গেছেন। সংবিধানের বিধান অনুযায়ী এই চিঠি পাওয়ার পরপরই তার পদ শূন্য হয়ে গেছে বলে জানান তিনি। স্পিকার আরও জানান, বিষয়টি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে এবং আজ থেকেই এই পদত্যাগ কার্যকর হবে।
পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ করা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদের প্রচলিত বিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য পদত্যাগ করলে সাধারণত এর পেছনের কারণ উল্লেখ করেন না।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



