ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর মির্জা ফয়সল আমিন জানান, নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চান তিনি। এ সময় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ, ২৭ সেপ্টেম্বর। এর আগেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১-দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দাখিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত, আর সেই আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। সবশেষে আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



