শিগগিরই কাটবে জ্বালানি সংকট, আশ্বাস জ্বালানি প্রতিমন্ত্রীর

শিগগিরই দেশের জ্বালানি সংকট কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, সামনে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর কোনো সমস্যা থাকবে না।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি। মন্ত্রী জানান, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে তেল ও গ্যাস সরবরাহের প্রধান অঞ্চল মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বিকল্প উৎস খুঁজে বের করতে সরকারকে কিছুটা সময় ব্যয় করতে হয়েছে। এ ছাড়া জ্বালানি কেনা সম্ভব হলেও ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় তা দেশে আনা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
তিনি বলেন, এখন সঠিকভাবে জ্বালানি আসছে দেশে। যে সাময়িক সংকট তৈরি হয়েছিল, তা বিশ্বের বিভিন্ন দেশেও দেখা গেছে। তবে সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেশের মানুষকে যে কষ্ট পোহাতে হয়েছে, সে জন্য দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে, কিন্তু জ্বালানি সরবরাহ ও দুর্ঘটনাজনিত কারণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এখন জ্বালানি আমদানি সম্ভব হয়েছে এবং সরবরাহের একটি সুনির্দিষ্ট সময়সূচিও ঠিক করা হয়েছে। ভবিষ্যতে বড় কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিকভাবেই চলবে বলে প্রত্যাশা প্রকাশ করেন তিনি।
জনগণের দুর্ভোগ লাঘবে সরকার বিভিন্ন বিকল্প উৎস খুঁজে বের করেছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, তুলনামূলক বেশি দাম দিয়েই হলেও গ্যাস আমদানি করা হয়েছে। খোদ প্রধানমন্ত্রী নিজে এই বিষয়ে হস্তক্ষেপ করায় দ্রুত সমাধান সম্ভব হয়েছে এবং এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবাই একটি দল হিসেবে কাজ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



