📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
আন্তর্জাতিক

শর্ত মানলে সাত দিনেই হরমুজ প্রণালি খুলে দেবে ইরান, যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার:
শর্ত মানলে সাত দিনেই হরমুজ প্রণালি খুলে দেবে ইরান, যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব
📷 ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার ভাষ্যমতে, এই প্রস্তাব স্বাক্ষরিত হলে সাত দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া সম্ভব হবে। স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আরাঘচি জানান, প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হলে চুক্তিতে পৌঁছানো সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, নতুন প্রস্তাবে যেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলো গত জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকেই আগে থেকে উল্লেখ ছিল। বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, ইরানের এই প্রস্তাব প্রসঙ্গে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে ইতিবাচক আলোচনা চলমান রয়েছে, যেখানে পারমাণবিক ইস্যুও গুরুত্ব পাচ্ছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্থাপনার ওপর ব্যাপক পাল্টা হামলা চালায় এবং একই সঙ্গে হরমুজ প্রণালিও বন্ধ করে দেয়। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়েই পরিবহন করা হতো। ইরান এটি বন্ধ করে দেওয়ার পর বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও দামে অস্থিরতা দেখা দেয়। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে জ্বালানির মূল্যবৃদ্ধি ও চলমান অস্থিরতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বাড়তি চাপ তৈরি করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই যুদ্ধ কীভাবে বন্ধ করা যায়, সে বিষয়েও তার ওপর চাপ বাড়ছে। নতুন প্রস্তাব প্রসঙ্গে আরাঘচি বলেন, প্রয়োজনীয় শর্ত পূরণ হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে যেতে পারে এবং সাত দিনের মধ্যেই স্বাভাবিক জাহাজ চলাচল শুরু হতে পারে। তবে এই প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এখন কী পদক্ষেপ নেবে, তা সম্পূর্ণভাবে তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি। তবে যুক্তরাষ্ট্রকে ঠিক কোন কোন শর্ত পূরণ করতে হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইরানি এই পররাষ্ট্রমন্ত্রী। তার ভাষায়, মার্কিনিদের যেসব শর্তের কথা জানানো হয়েছে, তার সবই ইসলামাবাদ সমঝোতা স্মারকে আগে থেকেই উল্লেখ আছে, নতুন কোনো শর্ত যোগ করা হয়নি। গত ১৮ জুন স্বাক্ষরিত ১৪ দফার ওই সমঝোতা স্মারকে বলা হয়েছিল, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না। পাশাপাশি ইরান, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের মধ্যে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধেরও কথা ছিল সেখানে। এতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে ইরান হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে প্রণালিটি ঘিরে জাহাজ চলাচল ব্যবস্থা নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় বসারও প্রতিশ্রুতি দিয়েছিল। তবে দুই পক্ষ ফের হামলা ও পাল্টা হামলায় জড়িয়ে পড়ার পর কয়েক দিনের মধ্যেই সেই সমঝোতা কার্যত ভেঙে পড়ে। এরপর হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী কয়েকটি জাহাজে হামলা চালায় ইরান, যার পক্ষ থেকে বলা হয়, অনুমোদনবিহীন রুট ব্যবহার করার কারণেই এসব জাহাজে হামলা চালানো হয়েছে। এর পাল্টা জবাবে হরমুজ প্রণালির আশপাশে ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং কঠোর নৌ-অবরোধ আরোপ করে, যার ফলে ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →
শর্ত মানলে সাত দিনেই হরমুজ প্রণালি খুলে দেবে ইরান, যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব | কিশোরগঞ্জ জার্নাল | কিশোরগঞ্জ জার্নাল