সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’র শুটিং করতে গিয়ে ক্ষতিগ্রস্ত ক্রিকেট মাঠ, শাস্তির মুখে ক্লাব

শুটিং শুরু হতে না হতেই বিতর্কের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে নিয়ে নির্মিত বায়োপিক ‘দাদা’। লন্ডনের ঐতিহাসিক লর্ডস মাঠের একটি বিখ্যাত মুহূর্ত পুনর্নির্মাণ করতে গিয়ে ইংল্যান্ডের লেস্টারশায়ারের গ্রেস রোড গ্রাউন্ডের পিচ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে, যার জেরে শাস্তির মুখে পড়েছে স্থানীয় কাউন্টি ক্রিকেট ক্লাব লেস্টারশায়ার।
জানা গেছে, সম্প্রতি গ্রেস রোড গ্রাউন্ডে সৌরভের বায়োপিকের কয়েকটি দৃশ্যের শুটিং হয়। তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার মাত্র চার দিন আগে টানা শুটিংয়ের আয়োজন করায় প্রথম থেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ অনুযায়ী, শুটিং চলাকালে তীব্র গরমের মধ্যেও মাঠ ও পিচ ঢেকে রাখার অনুমতি পাননি সংশ্লিষ্ট গ্রাউন্ডসম্যানরা।
মাঠের প্রধান গ্রাউন্ডসম্যান ক্যালাম লেউইন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানান, শুটিং শেষ হওয়ার পর মাঠের বেহাল দশা দেখতে পান তিনি। অতিরিক্ত তাপে পিচে ফাটল দেখা দেয়, আর পরবর্তীতে সেখানে খেলা শুরু হলে বল অস্বাভাবিক ও অসমানভাবে বাউন্স করতে থাকে, যা খেলোয়াড়দের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
এই ঘটনায় আইসিবি ও ঘরোয়া ক্রিকেটের নিয়ম লঙ্ঘনের দায়ে লেস্টারশায়ার ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ওই ম্যাচে অর্জিত ১৯ পয়েন্ট কেটে নেওয়ার পাশাপাশি অতিরিক্ত ৮ পয়েন্ট জরিমানা করা হয়েছে ক্লাবটিকে। এর সঙ্গে যোগ হয়েছে ৫ হাজার ইউরোর আর্থিক জরিমানাও।
কমিটির ভাষ্যে উঠে এসেছে, মাঠের অবস্থা সঠিকভাবে রক্ষা করতে ব্যর্থ হওয়ায় এই ঘটনায় সবচেয়ে বেশি দায় বর্তায় ক্লাবটির ওপর। তবে একই সঙ্গে সিনেমার প্রযোজনা দল ও আয়োজকদের দায়িত্বহীনতাও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছে কমিটি। ক্রিকেটের গৌরবময় ইতিহাস তুলে ধরতে গিয়ে খোদ ক্রিকেট মাঠই ক্ষতিগ্রস্ত হওয়ার এই ঘটনা নিয়ে ক্রীড়া ও চলচ্চিত্র—দুই অঙ্গনেই তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলির ৫৪তম জন্মদিনে প্রকাশ্যে আসে ‘দাদা’ সিনেমার অফিশিয়াল পোস্টার, যেখানে লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি খুলে উদ্যাপনের সেই বিখ্যাত মুহূর্তটি পুনর্নির্মাণ করতে দেখা যায় অভিনেতা রাজকুমার রাওকে। সিনেমায় সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও, আর তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলির ভূমিকায় রয়েছেন তানিয়া মানিকতলা। সৌরভের মা-বাবার চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য ও শাশ্বত চট্টোপাধ্যায়কে, আর তাঁর ভাই স্নেহাশিস গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন রাহুল দেব বসু।
বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি মুক্তির আগেই নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



