হোসেনপুরে পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নুসাইবা মণি নামের ১৮ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের টান সিদলা (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুসাইবা মণি ওই গ্রামের মোহাম্মদ শফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, সকালে নুসাইবা মণি বাড়ির পাশেই খেলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের নজর এড়িয়ে একপর্যায়ে সে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নুসাইবা মণিকে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে নুসাইবা মণিকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি। তবে ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখছেন।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



