কুলিয়ারচরে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়েছে আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামের এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় পুলিশ গ্রেপ্তার করে হাতকড়া পড়ানোর কিছুক্ষণ পরে এ ঘটনা ঘটে।
রেনু মিয়া ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় করা একটি মামলার তিনি আসামি। মামলা হওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ দুপুরে অভিযান চালিয়ে রেনু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়। বহু মানুষের ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থায় রেনু মিয়া কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, "ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমি নিজেও অভিযানে রয়েছি।"
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



