প্রকাশ হলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সময়সূচি চূড়ান্ত করার পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তা অনুমোদন দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, ১৪ মার্চ থেকে শুরু হয়ে এপ্রিলে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।
সময়সূচি অনুযায়ী, ১৪ মার্চ বাংলা প্রথম পত্র, ১৬ মার্চ বাংলা দ্বিতীয় পত্র, ১৮ মার্চ ইংরেজি প্রথম পত্র এবং ২১ মার্চ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। এছাড়া ২৫ মার্চ গণিত, ৪ এপ্রিল রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ, ৮ এপ্রিল হিসাববিজ্ঞান, ১৩ এপ্রিল জীববিজ্ঞান ও অর্থনীতি এবং ১৫ এপ্রিল ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা নেওয়া হবে।
তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ২২ এপ্রিলের মধ্যে সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর অনলাইনে পাঠাতে হবে। প্রতিদিন সকাল ১০টায় নিজ নিজ কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। তবে সংগীত বিষয়ের পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে বাদ্যযন্ত্র ও শনাক্তকারী শিক্ষকসহ নির্ধারিত পরীক্ষার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় আলাদা খাতা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। বহুনির্বাচনী ও সৃজনশীল বা রচনামূলক অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। পাশাপাশি পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক প্রতিটি অংশে পৃথকভাবে পাস করতে হবে। পরীক্ষার অন্তত সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে বা সাথে আনতে পারবেন না। তবে পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পরীক্ষার ফলাফল প্রকাশের পর সাত দিনের মধ্যে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে, যার বিস্তারিত নিয়ম পরবর্তীতে সংবাদপত্রে ও ওয়েবসাইটে জানানো হবে।
সূত্র- আমার সংবাদ
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



