ভয়াবহ বন্যার সময় অপু বিশ্বাস ছিলেন নেপালে

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেও নিরাপদে আছেন বলে জানা গেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।
বর্তমানে তার নতুন সিনেমা ‘শিকার’ এর শুটিংয়ের জন্য সেখানে অবস্থান করছেন তিনি। তাঁর সঙ্গে এই সিনেমাটির পুরো টিম রয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে নেপালের ভোটেকোশি নদীতে হড়পা বান নেমে উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কয়েক শ বিদেশি পর্যটকসহ বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর নেপালে থাকা বাংলাদেশি শিল্পীদের নিয়ে দেশে থাকা ভক্ত ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজেদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন অপু বিশ্বাস।
তিনি জানান, ভূমিকম্প ও বন্যার খবর প্রকাশের পর থেকেই অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়স্বজন ও পরিচিতজন ফোন ও বার্তার মাধ্যমে তাঁদের খোঁজ নিচ্ছেন।
অপু বলেন, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যেই ‘শিকার’ সিনেমার পুরো টিম নেপালে অবস্থান করছে। দুর্যোগের খবর শোনার পর সবাই তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যোগাযোগ করছেন।
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য তিনি হৃদয় থেকে কৃতজ্ঞ। মহান আল্লাহর রহমতে ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে রয়েছে এবং সবাই সুস্থ ও ভালো আছেন।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



