স্বাধীনতাবিরোধী শক্তি প্রতিনিয়ত আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে - ফজলুর রহমান

মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় স্বাধীনতাবিরোধী শক্তির ষড়যন্ত্র ও অপপ্রচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তাঁর দাবি, বাংলাদেশের কোনো রাজনীতিকের বিরুদ্ধে এ ধরনের চক্রান্ত আগে হয়েছে কি না, তা তাঁর জানা নেই।
শুক্রবার (২৭ নভেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর এলাকায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধকে রক্ষা করতে গিয়ে, এর কথা বলতে গিয়ে, সেই স্বপ্ন দেখতে ও বাস্তবায়ন করতে গিয়ে আমার ওপর হিমালয় পর্বতের মতো চাপ সৃষ্টি করা হচ্ছে। আমি সেই চাপ সহ্য করছি। আমার বিরুদ্ধে যে ধরনের চক্রান্ত চলছে, বাংলাদেশের কোনো রাজনীতিকের বিরুদ্ধে আজ পর্যন্ত এমন চক্রান্ত হয়েছে কি না, তা আমার জানা নেই।’
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রথমবার ধনপুরে এসে নেমেছিলেন তিনি। তখন সেখানে কোনো বাড়িঘর ছিল না। সেই দিনের স্মৃতি এখনো তাঁর মনে রয়েছে। অথচ আজ মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে স্বাধীনতাবিরোধী শক্তির ষড়যন্ত্র ও অপপ্রচারের মুখে পড়তে হচ্ছে তাঁকে।
তিনি আরও বলেন, ‘আলবদর-রাজাকারের সন্তানেরা এবং স্বাধীনতাবিরোধী শক্তি প্রতিনিয়ত আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। ইউটিউব দেখলেই বুঝতে পারবেন, আমার বিরুদ্ধে কী ধরনের ষড়যন্ত্র চলছে। আমি বাঁচব কি না, এই চাপ সহ্য করতে পারব কি না, তা আল্লাহই জানেন। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন।’
নিজের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের বিচার প্রধানমন্ত্রী তারেক রহমান করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন ফজলুর রহমান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে তারেক রহমান সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন। তাঁর বিরুদ্ধে চলা ষড়যন্ত্রের বিচারও তিনি করবেন বলে আশা করেন।
এ সময় সত্যের জয় এবং স্বাধীনতাবিরোধী শক্তির পরাজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই বীর মুক্তিযোদ্ধা। বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, ‘আমি মনে করি, সত্যের জয় হবে, মিথ্যার পরাজয় হবে।’
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



