📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
জাতীয় • করিমগঞ্জ

পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ড. মুহাম্মদ ওসমান ফারুক

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১৭ নভেম্বর, ২০২৬
শেয়ার:
পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ড. মুহাম্মদ ওসমান ফারুক
📷 ছবি: সংগৃহীত
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার জাতীয় সংসদে তাঁর পদত্যাগের বিষয়টি অবহিত করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এর আগে ই-মেইলের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান ওসমান ফারুক। তাঁর পাঠানো ই-মেইল বার্তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার। পদত্যাগপত্রে অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। ১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৬৩ সালে মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের ফেলোশিপ প্রোগ্রামে অংশ নেন তিনি। ১৯৬৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএস ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে কৃষি অর্থনীতি বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন ওসমান ফারুক।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →