📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
খেলা

ফিফা সভাপতি নির্বাচন: সেফেরিন ও মন্তাগলিয়ানি সরে দাঁড়ানোয় ইনফান্তিনোর পথ প্রায় পরিষ্কার

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ৯ অক্টোবর, ২০২৬
শেয়ার:
ফিফা সভাপতি নির্বাচন: সেফেরিন ও মন্তাগলিয়ানি সরে দাঁড়ানোয় ইনফান্তিনোর পথ প্রায় পরিষ্কার
📷 ছবি: সংগৃহীত
আগামী মার্চের ফিফা সভাপতি নির্বাচনে আবারও জয়ের দিকে অনেকটা এগিয়ে গেলেন জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের শীর্ষ পদে তাঁর সম্ভাব্য দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন ও কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তাগলিয়ানি, এই নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিছুদিন আগেও চিত্র ছিল ভিন্ন। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে ইউরোপ, এশিয়া ও আমেরিকার মহাদেশীয় ফুটবল সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে পড়েছিলেন ফিফা প্রধান। ফলে এবারের নির্বাচনে তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে বলে আলোচনা চলছিল। সেই সমীকরণ এখন পাল্টে গেছে। সেফেরিন আগে পদ ছাড়ার কথা বললেও পরে সিদ্ধান্ত বদলেছেন। তিনি উয়েফা সভাপতি পদে চতুর্থ মেয়াদের জন্য লড়বেন বলে জানিয়েছেন। এর মাধ্যমে পরোক্ষভাবে পরিষ্কার হয়ে গেছে, ফিফার সভাপতি পদে তিনি প্রার্থী হচ্ছেন না। সেফেরিন বলেছেন, ফুটবল বিক্রির জিনিস নয়, উয়েফা বছরের পর বছর এই বার্তাই দিয়ে আসছে। তাঁর মতে, এখন সবচেয়ে জরুরি কাজ ঐক্য ও সুশাসন ফিরিয়ে আনা। মন্তাগলিয়ানিও একই পথে হেঁটেছেন। উত্তর ও মধ্য আমেরিকা-ক্যারিবীয় অঞ্চলের সংস্থা কনকাকাফের সভাপতি হিসেবে শেষ মেয়াদের জন্য নির্বাচনে লড়বেন তিনি, ফিফার শীর্ষ পদে নয়। দুই প্রভাবশালী কর্মকর্তা নিজ নিজ সংস্থায় থাকার সিদ্ধান্ত নেওয়ায় ইনফান্তিনোর সামনে এখন বড় কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ফলে ফিফার শীর্ষ পদে তাঁর পুনর্নির্বাচনের সম্ভাবনা আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়েছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →