📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
বিনোদন

সরকারি ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’, জানা গেল মুক্তির তারিখ

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ৪ অক্টোবর, ২০২৬
শেয়ার:
সরকারি ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’, জানা গেল মুক্তির তারিখ
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির জন্য সরকারি ছাড়পত্র পেয়েছে সালমান খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘মাতৃভূমি’। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরেই প্রেক্ষাগৃহে দেখা যেতে পারে সিনেমাটি, সম্ভাব্য মুক্তির তারিখ হিসেবে জানা গেছে ১৩ নভেম্বরের কথা। সিনেমাটি প্রথমে ঘোষণা করা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’ নামে, পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। ২০২০ সালে ভারত ও চীনের সেনাদের মধ্যে ঘটে যাওয়া সংঘাতের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদনের অপেক্ষায় আটকে ছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, সিনেমার বিষয়বস্তু এবং চীন-সংক্রান্ত প্রসঙ্গ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আপত্তি ছিল। পাশাপাশি নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্কের সাম্প্রতিক উন্নতির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়। এসব কারণেই সিনেমাটিতে কিছু পরিবর্তন আনার প্রয়োজন দেখা দেয় এবং স্বাভাবিকভাবেই এর মুক্তিও পিছিয়ে যায়। ‘মাতৃভূমি’র নতুন ও সংশোধিত সংস্করণ জমা দেওয়ার পর সেটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একটি সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, গত সপ্তাহে সিনেমাটিকে অনাপত্তিপত্র বা এনওসি দেওয়া হয়েছে। সূত্রটির দাবি অনুযায়ী, নির্মাতারা সংশোধিত সংস্করণ জমা দেওয়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তারা তা পর্যালোচনা করেন, এরপরই মুক্তির প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অনুমতি মেলে। এদিকে নির্মাতারা দীপাবলির পরপরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সালমান খান নিজেও ১৩ নভেম্বরের তারিখটি এই সিনেমার জন্য বিবেচনা করছেন। ‘মাতৃভূমি’ সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া, যেখানে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। এ ছাড়া সালমান খানের হাতে বর্তমানে রয়েছে আরও একটি সিনেমা, যা পরিচালনা করছেন ভামশি পেইডিপল্লি। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত না হলেও আপাতত ‘এসভিসি-৬৩’ নামেই পরিচিত এটি, যেখানে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী তারকা নয়নতারা।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →
সরকারি ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’, জানা গেল মুক্তির তারিখ | কিশোরগঞ্জ জার্নাল | কিশোরগঞ্জ জার্নাল