📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
বিনোদন

জায়েদ খানের পাঠানো টাকা নিতে অস্বীকৃতি জানালেন অসুস্থ রিফাত চৌধুরী

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার:
জায়েদ খানের পাঠানো টাকা নিতে অস্বীকৃতি জানালেন অসুস্থ রিফাত চৌধুরী
📷 ছবি: সংগৃহীত
কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। তার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে চিত্রনায়ক জায়েদ খান ১০ হাজার টাকা পাঠিয়েছেন—এমন খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে তৈরি হয় নানা আলোচনা। তবে শুরুতে এই আর্থিক সহযোগিতার বিষয়টি অস্বীকার করা হলেও পরবর্তীতে জানা যায়, সত্যিই টাকা পাঠিয়েছিলেন জায়েদ খান। তবে শেষ পর্যন্ত সেই অর্থ গ্রহণ করেননি রিফাত চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিফাত চৌধুরী জানিয়েছিলেন, জায়েদ খান তাকে কোনো আর্থিক সহযোগিতা করেননি, এমনকি তার জন্য টাকা পাঠানো হয়েছে—এমন কোনো তথ্যও কেউ তাকে জানায়নি বলে দাবি করেন এই কবি ও অভিনেতা। এরপর জানা যায়, রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য এক সাংবাদিকের কাছে ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন জায়েদ খান। তবে ওই সাংবাদিক টাকা রিফাতের কাছে পৌঁছে দেওয়ার আগেই সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে জায়েদ তার চিকিৎসায় আর্থিক সহায়তা করেছেন। বিষয়টি নিয়ে অস্বস্তি ও বিরক্তি প্রকাশ করেন রিফাত চৌধুরী নিজেই। শুক্রবার রাতে এ প্রসঙ্গে রিফাত চৌধুরী জানান, তিনি শুনেছিলেন জায়েদ খান একজনের মাধ্যমে তার জন্য কিছু টাকা পাঠিয়েছেন, কিন্তু সেই অর্থ তার কাছে কেউ পৌঁছে দেননি। এমনকি টাকা পাঠানোর বিষয়ে তাকে আগে থেকে কিছু জানানোও হয়নি বলে উল্লেখ করেন তিনি। এরপর শনিবার জায়েদ খানের পাঠানো সেই ১০ হাজার টাকা রিফাত চৌধুরীর কাছে পৌঁছে দিতে গেলে ব্যক্তিগত কারণ উল্লেখ করে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান তিনি। উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। দীর্ঘদিন ধরে পা ও কোমরের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অনিদ্রা ও অতিরিক্ত দুর্বলতায় ভুগছেন তিনি। হাসপাতালে ভর্তির পর শুরুতে শয্যা না পেয়ে বেশ কয়েক দিন মেঝেতেই থাকতে হয়েছিল তাকে। পরে ২১ সেপ্টেম্বর রাতে তাকে একটি কেবিনে স্থানান্তর করা হয়। আশির দশক থেকে কবিতা লেখা ও অভিনয়ের সঙ্গে যুক্ত রিফাত চৌধুরী। ১৯৮৪ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’। দীর্ঘ চার দশকের সাহিত্যজীবনে তার মোট ২৯টি বই প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। অভিনয়েও নিজের একটি স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন তিনি। নাটক ‘সিক্সটি নাইন’-এ ‘জাতীয় কাকা’ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান রিফাত চৌধুরী। এ ছাড়া ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন আছেন রিফাত চৌধুরী। সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। অভিনয়ের পাশাপাশি ভবিষ্যতে নাটক পরিচালনায়ও মনোযোগ দেওয়ার ইচ্ছা রয়েছে তার।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →