📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
বিনোদন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে আরও তদন্ত প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার:
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে আরও তদন্ত প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
📷 ছবি: সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় তিনি ভিকটিম হয়েছেন—এটি পুলিশ দেখেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তবে তার মতে, ঘটনাটি নিয়ে আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে। এ ঘটনায় জিডি বা মামলা করার আইনগত প্রক্রিয়া চলমান আছে এবং শিগগিরই মামলা হতে পারে বলেও জানান তিনি। রোববার দুপুরে সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, শনিবার রাতে সালমান মুক্তাদিরের একটি স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটে, যার পর ফেসবুক লাইভে এসে এ বিষয়ে বিভিন্ন বক্তব্য দেন তিনি। এতে সালমান মুক্তাদির বাংলাদেশে এ ধরনের ঘটনা খুবই স্বাভাবিক বলে মন্তব্য করেন এবং বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ ছিল, চাঁদা না দেওয়ার কারণেই তার স্টুডিওতে ভাঙচুর চালানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেসবুক লাইভে অভিযোগ করলেও এখন পর্যন্ত সালমান মুক্তাদির কোনো মামলা দায়ের করেননি। এমনকি তিনি নিজেই বলেছেন, তার কাছে কেউ সরাসরি চাঁদা দাবি করেনি এবং চাঁদা চাইলে তিনি তা দিতেন। ফলে সুনির্দিষ্টভাবে কার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ রয়েছে, তা এখনো চিহ্নিত করা যায়নি বলে জানান তিনি। ঘটনাস্থল সম্পর্কে মন্ত্রী জানান, ঘটনাটি ঘটেছে মানিকদী নামাপাড়া এলাকায়, যা ক্যান্টনমেন্ট থানার অন্তর্গত। সেখানে প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে—একপক্ষে রয়েছে একটি বিল্ডার প্রতিষ্ঠান, অন্যপক্ষে একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তা। প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, ওই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতের অন্ধকারে জায়গাটি দখলে নিতে যায়, আর সেখানেই ভাঙচুরের এই ঘটনা ঘটে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ওই স্থাপনার মধ্যেই সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্থাপনা ছিল, যেখানে সম্ভবত বিভিন্ন কনটেন্ট তৈরির কাজ চলত এবং সেই স্থাপনাতেও উল্লেখযোগ্য পরিমাণে ভাঙচুর হয়েছে। মন্ত্রী জানান, ঘটনাটি নিয়ে ইতিমধ্যে একটি প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে, তবে বিস্তারিত জানতে আরও তদন্ত প্রয়োজন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এখনো সালমান মুক্তাদিরের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি, তবে তার ফেসবুক লাইভে দেওয়া বিভিন্ন বক্তব্যকে ঘিরে এরই মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানান, এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা, কিছু দেশীয় অস্ত্রসহ আরও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →