📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
জেলার খবর • করিমগঞ্জ

করিমগঞ্জে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের ২৪ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১৯ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার:
করিমগঞ্জে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের ২৪ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার
📷 ছবি- সংগৃহীত
কিশোরগঞ্জের করিমগঞ্জে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর রেজওয়ান আহমেদ শুভ (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চামড়াঘাট এলাকার নাগচিন্নি নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। শুভ সুতারপাড়া ইউনিয়নের সাগুলী গ্রামের শহীদুল ইসলামের ছেলে। তাঁর বাবা নিয়ামতপুর বাজারে একটি টেইলার্স দোকানের মালিক। শুভর মামা মাহবুব হোসেন শাহ জানান, শুক্রবার বিকেলে শুভ তার বাবার দোকানের কর্মচারীদের জন্য বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিলেন। চামড়াঘাট থেকে নৌকায় করে বাড়ি ফেরার পথে আরেকটি নৌকার সঙ্গে তাঁদের নৌকার ধাক্কা লাগে। এতে শুভ নদীতে পড়ে যান। স্থানীয় লোকজন ও স্বজনেরা পানিতে নেমে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এরপর শনিবার সকাল থেকে সারাদিন নদীতে তল্লাশি চালানোর পর সন্ধ্যার দিকে চামড়া জেটিঘাটের পাশে নদীর পানিতে মরদেহটি ভেসে উঠলে উদ্ধার করা হয়। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নদী থেকে শুভর মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →