📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
স্বাস্থ্য

শিশু-কিশোরদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে যেসব দৈনন্দিন অভ্যাস

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১৬ নভেম্বর, ২০২৬
শেয়ার:
শিশু-কিশোরদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে যেসব দৈনন্দিন অভ্যাস
📷 ছবি: সংগৃহীত
একসময় ডায়াবেটিসকে বয়স্কদের রোগ বলেই মনে করা হতো। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই ধারণা। এখন শিশু-কিশোরদের মধ্যেও বাড়ছে এই রোগের ঝুঁকি। এমনকি ১০ বছর বয়স হওয়ার আগেই কারও কারও শরীরে শনাক্ত হচ্ছে টাইপ-২ ডায়াবেটিস। চিকিৎসকদের মতে, অতিরিক্ত মোবাইল ব্যবহার, খেলাধুলার অভাব, পেটের মেদ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শিশুদের ডায়াবেটিসের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। ভারতের আসামে শিশু ও কিশোরদের মধ্যে এ রোগের প্রবণতা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকেরা। বিশ্ব ডায়াবেটিস দিবসের আগে চিকিৎসকেরা সতর্ক করে বলেছেন, অনেক ক্ষেত্রেই কোনো স্পষ্ট উপসর্গ ছাড়াই শিশুদের শরীরে বাসা বাঁধছে ডায়াবেটিস। ফলে এ বিষয়ে সচেতনতা বাড়ানো এবং সময়মতো পরীক্ষা করানো জরুরি হয়ে উঠেছে। এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’। অর্থাৎ, ডায়াবেটিস প্রতিরোধ ও জটিলতা এড়াতে শুরুতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। বিশেষজ্ঞদের মতে, শিশু-কিশোরদের ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুয়াহাটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের (জিএমসিএইচ) এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান অধ্যাপক অশোক কৃষ্ণ ভূঁইয়া জানান, টাইপ-২ ডায়াবেটিস একসময় মূলত প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে পরিচিত ছিল। কিন্তু বংশগত প্রবণতা, জীবনযাপন ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে এখন ১৮ বছরের কম বয়সীদের মধ্যেও এ রোগ দেখা যাচ্ছে। এমনকি তাঁদের হাসপাতালে ১০ বছরের কম বয়সী শিশুর শরীরেও টাইপ-২ ডায়াবেটিস শনাক্ত হয়েছে। **পেটের মেদ বাড়াচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি** চিকিৎসকদের মতে, শিশুদের ডায়াবেটিসের অন্যতম বড় ঝুঁকি হলো পেটের অতিরিক্ত মেদ। অনেক শিশুকে বাইরে থেকে খুব বেশি মোটা মনে না হলেও পেটের চারপাশে অতিরিক্ত চর্বি জমতে পারে। এই চর্বি শরীরের বিপাকীয় কার্যক্রমে সমস্যা তৈরি করে ডায়াবেটিসসহ বিভিন্ন বিপাকীয় রোগের ঝুঁকি বাড়াতে পারে। অধ্যাপক ভূঁইয়ার জানান, শারীরিক পরিশ্রম ও ব্যায়ামের অভাবের সঙ্গে বাড়তি স্ক্রিন টাইম যুক্ত হয়ে শিশুদের স্থূলতার ঝুঁকি বাড়াচ্ছে। দীর্ঘ সময় মোবাইল, টেলিভিশন কিংবা কম্পিউটারের সামনে বসে থাকার ফলে তাদের দৈনন্দিন শারীরিক কার্যক্রম কমে যাচ্ছে। **মাঠের খেলার জায়গা দখল করছে মোবাইল** ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক নাসিমুর রিয়াজের মতে, শিশুদের জীবনযাপনে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে শিশুরা দিনের অনেকটা সময় বাইরে খেলাধুলা করে কাটাত। এখন সেই জায়গা দখল করেছে মোবাইল ফোন, ভিডিও গেম ও টেলিভিশন। অন্যদিকে শিশুদের খাবারের তালিকাতেও পরিবর্তন এসেছে। ঘরে তৈরি সাধারণ খাবারের বদলে তাদের মধ্যে কোমল পানীয়, ফাস্টফুড ও প্যাকেটজাত স্ন্যাকস খাওয়ার প্রবণতা বাড়ছে। চিকিৎসক রিয়াজ বলেন, অতিরিক্ত চিনিযুক্ত খাবার ও জাঙ্ক ফুড খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না করলে শরীরের পক্ষে রক্তের অতিরিক্ত শর্করা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন এমন অভ্যাস চলতে থাকলে ওজন বাড়ার পাশাপাশি টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিও তৈরি হয়। **শৈশবে ডায়াবেটিস থেকে হতে পারে গুরুতর জটিলতা** বিশেষজ্ঞদের সতর্কতা, অল্প বয়সে ডায়াবেটিস শনাক্ত হলেও বিষয়টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সময়মতো রোগ নিয়ন্ত্রণে আনতে না পারলে ভবিষ্যতে হৃদ্‌যন্ত্র, চোখ ও কিডনিতে গুরুতর জটিলতা দেখা দিতে পারে। অধ্যাপক ভূঁইয়া জানান, গুয়াহাটি ও জিএমসিএইচে ডায়াবেটিসজনিত বিভিন্ন জটিলতা নিয়ে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে ডায়াবেটিক ফুট আলসার বা ডায়াবেটিসের কারণে পায়ে ঘা হওয়ার ঘটনা চিকিৎসকদের নজরে আসছে। পাশাপাশি ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত কিডনি রোগের ঘটনাও বেড়েছে। সময়মতো রোগ শনাক্ত না করা এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে না পারাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। **হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ৩০ থেকে ৪০ শতাংশ** শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের মধ্যে ডায়াবেটিসের বাড়তি চাপের প্রতিফলন দেখা যাচ্ছে হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগেও। অধ্যাপক ভূঁইয়ার তথ্য অনুযায়ী, গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগে রোগীর সংখ্যা ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। বহির্বিভাগ ও অন্তর্বিভাগ—উভয় ক্ষেত্রেই রোগীর চাপ বেড়েছে। এসব রোগীর মধ্যে ডায়াবেটিসে আক্রান্তদের উল্লেখযোগ্য অংশ রয়েছে। চিকিৎসকদের পরামর্শ, শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত করা জরুরি। তাদের নিয়মিত খেলাধুলা ও শারীরিক কার্যক্রমের সুযোগ তৈরি করতে হবে। কমাতে হবে অতিরিক্ত স্ক্রিন টাইম। পাশাপাশি চিনিযুক্ত পানীয় ও ফাস্টফুডের পরিবর্তে পুষ্টিকর ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ছাড়া ডায়াবেটিসের ঝুঁকির লক্ষণ বা পারিবারিক ইতিহাস থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →