📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
আন্তর্জাতিক

সৌদি আরবে আরামকোর ভবনে হামলা, রিয়াদে আহত ৪

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১৪ অক্টোবর, ২০২৬
শেয়ার:
সৌদি আরবে আরামকোর ভবনে হামলা, রিয়াদে আহত ৪
📷 ছবি: সংগৃহীত
সৌদি আরবের পূর্বাঞ্চলে তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার পর সীমিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে রাজধানী রিয়াদের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হলে সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে এক শিশুসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ধারান এলাকায় অবস্থিত আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালানো হয়। এতে সীমিত পরিসরে আগুন লাগলেও কোনো প্রাণহানি বা বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, রিয়াদের আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর সেগুলোর ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে পড়ে। এতে দুই নারী, এক পুরুষ ও একটি শিশু আহত হন। পাশাপাশি অন্তত ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ভয়াবহ হামলায় ১৩ জন নিহত হন এবং বিমান চলাচল স্থগিত হয়ে যায়। ২০১৫ সালের পর সৌদি আরবের মাটিতে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই ঘটনার প্রতিশোধ এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হুতিদের হামলার জবাবে মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানা এবং ধামার ও সাদা প্রদেশের তেল স্থাপনাগুলোতে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ইয়েমেনে হুতিদের যুদ্ধ সক্ষমতা বাড়াতে এবং লোহিত সাগর ও আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা বিঘ্নিত করতে ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। হামলার সময় সানায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের পেট্রল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতেও দেখা গেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে মন্ত্রিসভার এক বৈঠকে সতর্ক করে বলা হয়েছে, সৌদি আরব তার নিজস্ব নিরাপত্তা এবং লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা কোনোভাবেই হুমকির মুখে পড়তে দেবে না। এদিকে, সার্বিক পরিস্থিতির কারণে ফ্রান্সসহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →