📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
সারাদেশ

পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, বাড়ছে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ২০ নভেম্বর, ২০২৬
শেয়ার:
পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, বাড়ছে শীতের তীব্রতা
📷 ছবি: সংগৃহীত
উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। দিনের বেলায় গরম অনুভূত হলেও রাত ও সকালে পাহাড়ি হিমেল বাতাসের সঙ্গে বাড়ছে ঠান্ডার অনুভূতি। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গতকাল বিকেল থেকে সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আকাশে মেঘের উপস্থিতি ছিল বেশি। শুক্রবার সকাল থেকে সূর্যের দেখা মিললেও বারবার মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে সূর্য। ফলে ভূপৃষ্ঠে সূর্যের পর্যাপ্ত তাপ ছড়াতে না পারায় শীত বেশি অনুভূত হচ্ছে। এর সঙ্গে হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। রাত থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরের এ জনপদে শীতের অনুভূতি বেশি থাকছে। এতে মানুষের স্বাভাবিক চলাচলেও প্রভাব পড়ছে। ঘরের বাইরে বের হতে হচ্ছে গরম কাপড় জড়িয়ে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েছেন। সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বেগুনচাষি আলিম উদ্দিন বলেন, আজ সকাল থেকে কুয়াশার পরিমাণ কম ছিল। তবে আকাশে মেঘ থাকায় সূর্যের আলো তেমন গরম ছড়াতে পারেনি। সকাল থেকেই বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। খেতে কৃষিকাজ করতে বেশ কষ্ট হচ্ছিল। তেঁতুলিয়া উপজেলার পথচারী আজিমুল ইসলাম বলেন, তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হন। গত কয়েক দিন কুয়াশার পরিমাণ বেশি থাকলেও আজ কিছুটা কম ছিল। তবে ঠান্ডা বাতাসের কারণে গরম কাপড় জড়িয়ে বের হয়েও শীত অনুভব করছেন। তাঁর মনে হচ্ছে, যেন বরফের আশপাশে রয়েছেন। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস জেলায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি মেঘমালা সূর্যকে আড়াল করে রাখায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে ছড়াতে পারছে না। ফলে শীত বেশি অনুভূত হচ্ছে। তবে চলতি মাসের শেষের দিকে শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →